রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে রাবেয়া (১০) নামে এক শিশুর বাম পা বিচ্ছিন্ন ও ডান পা থেঁতলে গেছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। শিশুটি মায়ের চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছিলো।
হাসপাতালে আহত রাবেয়ার মা মুন্নি বেগম জানান, তাদের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার চরহাইলা কাঠি গ্রামে। রাবেয়া গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। বাবা রফিক মোল্লা গ্রামে কৃষি কাজ করে। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে রাবেয়া সবার ছোট।
তিনি আরও জানান, তিনি নিজেই অসুস্থ। চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকায় দক্ষিণ বনশ্রীতে বড় বোনের বাসায় আসেন। শনিবার সন্ধ্যায় ডাক্তার দেখাতে মেয়ে রাবেয়া ও বোন শিল্পীকে নিয়ে শান্তিবাগে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও খিদমা হাসপাতালের বিপরীত পাশের সড়কে রিকশা থেকে শিশুসহ তারা নামলে রাবেয়া রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে পড়ে যায়। পরে দ্রুত তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশুর বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া ডান পায়ের গোড়ালি থেঁতলে গেছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।
রোববার রাজধানীর যেসব রাস্তায় যান চলাচল সীমিত