বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে গুলিতে কিশোর নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম খান পুলক সাবেক আইজিপিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনের আগে সাবেক আইজিপিকে এই মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনে বলা হয়, আসামি সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে অবগত ছিলেন। তাই গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে এবং দায়ী অন্যদের অবস্থান জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।
নিজেকে নির্দোষ দাবি করে মামুন আদালতে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে চানখারপুলে গুলিবিদ্ধ হয় কিশোর মোহাম্মদ ইসমামুল হক (১৬)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট সে মারা যায়।
এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আরও ১২টি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত