দেশের প্রথম সারির ৪০টি লাইফ স্টাইল ব্র্যান্ড নিয়ে ২৬ মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করছে ‘গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল-২০২৫’। এই আয়োজনে আসা অতিথিরা বেলা ১১টা থেকে রাত তিনটা পর্যন্ত ১৫ শতাংশ ছাড়ে ঈদ কেনাকাটা করতে পারবেন। থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার (২৪ মার্চ) সকালে পাঁচ তারকা হোটেলটিতে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ জানান, দেশের পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে প্রথমবারের মতো গ্র্যান্ড ঈদ ফেস্ট ২০২৫ আয়োজন করলো প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।
২৬ মার্চ থেকে শুরু করে এই আয়োজন চলবে চাঁদ রাত পর্যন্ত, যেখানে কঠোর নিরাপত্তায় বিনা টিকেটে রাতেও মানুষ কেনাকাটা করতে পারবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই আয়োজনে শুধুমাত্র কেনাকাটাই থাকছে না, পাশাপাশি ঈদের আনন্দকে রাঙিয়ে দিতে মেহেদি কর্নার, কিডস জোনসহ থাকছে সন্ধ্যার পর বিনোদনের নানা আয়োজন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত তিনটা পর্যন্ত চলবে এই আয়োজন।
এখানে আসা ক্রেতাদের জন্যে এক ছাদের নিচে বাইরের চেয়ে প্রতিটি ব্র্যান্ডই দেবে ১৫ শতাংশ ছাড়। চাঁদ রাতের দিন মেলায় অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র, যেটাতে সর্বোচ্চ পুরস্কার থাকবে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকেট। পরের বছর থেকে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে বলে জানান আয়োজকেরা।
ইফতার ও সেহরির সময় আসা অতিথিদের জন্যে থাকবে খাবারের ব্যবস্থাও। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার একাত্তর টেলিভিশন।
