বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে বারডেম জেনারেল হাসপাতালে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের তৃতীয় তলার অডিটোরিয়ামে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যার বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দীকী।

অনুষ্ঠানে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাবেক ট্রেজারার মরহুম প্রকৌশলী অধ্যাপক ডা. মোশারফ হোসেন খানকে মরণোত্তর ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা।
বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোর্শেদ উদ্দীন আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের এডভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাজেরা মাহতাব এবং বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দীন আহমেদ।
সভায় বক্তারা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের কথা স্মরণ করেন এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে শিক্ষার্থীদের আরও মনযোগী হওয়ার আহবান জানান।
