সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
পরিদর্শনকালে জামায়াত আমির ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত সংস্কারের জন্য ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এসময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোথাও যেন আর কোনো দুর্বৃত্ত এভাবে জোর করে দখলদারি ও তাণ্ডব চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন ছিন্নমূল শপিং কমপ্লেক্সের পেছনেই বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এর কার্যালয়।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও শপিং কমপ্লেক্সে ঘেরা এই এলাকায় গড়ে তোলা প্রতিষ্ঠানটিতে বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালায় দুই থেকে আড়াইশো ব্যক্তি।
দুইজন নিরাপত্তারক্ষীকে জিম্মি করে রাতের আঁধারেই গুড়িয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি আধাপাকা ঘর।
এসময় সরকারি ইপিআইয়ের টিকা, ওষুধ-ভ্যাকসিন, নগদ টাকা, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসিসহ বিভিন্ন আসবাবপত্র লুট করা হয়েছে বলেও দাবি প্রতিষ্ঠানটিতে কর্মরতদের।
ভাঙচুরের পর সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। যাতে লেখা আছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে বরাদ্দ পাওয়া ও রেজিস্ট্রি মূলে এই প্লটের মালিক সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড। জমির পরিমাণ ১০ কাঠা।’
তিন দিন ধরে দেশব্যাপী আলোচিত এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের কাউকে আইনের আওতায় আনা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ স্পষ্ট কোনো তথ্য দেয়নি।
অন্যদিকে এই ঘটনায় নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় রোববার (২৭ সেপ্টেম্বর) শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
