রাজধানীর মিরপুর এলাকায় সাম্প্রতিক সংঘাত ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের সঙ্গেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

পুলিশের এই কর্মকর্তা জানান, সহিংসতা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপরাধে মিরপুর বিভাগের বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় একটি, কাফরুল থানায় একটি এবং পল্লবী থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। এর ভিত্তিতেই এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।
