মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ১৬ দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদের দন্ড প্রদান করা হয়।
রোববার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত র্যাবের পৃথক দুইটি অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এই কারাদন্ড প্রদান করেন।
ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩(সিপিসি) র্যাব- ৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লে: মো. আরিফ হোসেন বলেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযানকালে ১৩ দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় সাতজন পুরুষ দালালকে দশদিন এবং দুইজন নারী দালালকে সাতদিনের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বাকি চারজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে চালক হত্যা: ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
এদিকে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানকালে পাসপোর্ট অফিসে জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করার দায়ে দশজন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে নেওয়ায় ৭ দালালকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় এবং বাকি তিনজনে অপরাধ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সরকারী এই হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ জনগণকে বিভ্রান্ত করে প্রতারাণা করতো তারা। এসব সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের সহায়তায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন বলে তিনি জানান।
একাত্তর/আরএইচ
