মাদারীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে হাতুড়িপেটা করে অহিদ তালুকদার (৪০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে অহিদ তালুকদার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত অহিদ তালুকদার মধ্য পেয়ারপুর গ্রামের আক্কাস তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এলাকার মাঠে ক্রিকেট খেলা নিয়ে অহিদের ভাতিজার সাথে সাব্বিরের পক্ষের লোকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায় অহিদ ও সাব্বিরের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
আরও পড়ুন: 'সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে ব্যবস্থা'
সোমবার রাতে পেয়ারপুরের ধেরির বাজার থেকে রাত ১০টার দিকে অহিদ নিজ বাড়ীতে ফেরার পথে ওৎ পেতে থাকা সাব্বিরের লোকজন অহিদকে হাতুড়ি পেটা করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা জেনেছি ক্রিকেট খেলা নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাত্তর/এসজে
