সেতু নেই, ১২ গ্রামের মানুষের দীর্ঘদিনের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এমন অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়েই আড়িয়াল খাঁ নদের উপর দিয়ে যাতায়াত করছেন নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলা প্রায় ১২ গ্রামের লক্ষাধিক মানুষ।
স্থানীয়দের অভিযোগ কয়েক যুগ ধরে শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। এ অবস্থায় নড়বড়ে বাঁশের সাঁকোয় পারাপার হতে গিয়ে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর, রাধাগঞ্জসহ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার যশোর ও বাঘাবো ইউনিয়নের লক্ষাধিক মানুষের রাধাগঞ্জ বাজারসহ অন্যান্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। সাধারণ মানুষসহ বৃদ্ধ-বৃদ্ধা, শিশু, গর্ভবতী নারী, অসুস্থ রোগী হাসপাতালে আনা-নেওয়া, ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারে কৃষি পণ্য সবজি মালামাল আনা-নেওয়াসহ স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা প্রয়োজনে ঝুঁকি নিয়ে এ সাঁকো পাড়ি দিতে হয়।
স্থানীয়রা জানান, সাঁকো পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড়-দুর্ঘটনা। কয়েক যুগের বেশি সময় ধরে স্থানীয়রা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। শুধু প্রতিশ্রুতি দিয়েই বছরের পর বছর পার করে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ বিষয়ে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সেতুর বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের থেকে আশানুরূপ জবাব পাওয়া যায়নি।
আরও পড়ুন: সাভারে ২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচজনের মরদেহ উদ্ধার
রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। নদটি ‘খ শ্রেণি’র হওয়ায় এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র অনুমোদন দরকার।
এদিকে শুধু আশ্বাস নয় জনদুর্ভোগ কমাতে আড়িয়াল খাঁ নদের উপর সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নিবে প্রশাসন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।
একাত্তর/আরএ
