চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলের বকেয়া বেতন পরিশোধ নিয়ে মায়ের সাথে তর্ক ও অভিমান করে পান্না আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৮ মার্চ) রাতে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত পান্না ওই গ্রামের দুবাই প্রবাসী সোহেল তালুকদারের মেয়ে এবং স্থানীয় মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে পান্নার মা হাছিনা বেগম বাদি হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, পান্না তার মায়ের কাছে বিদ্যালয়ের বেতন, পরীক্ষার ফি ও বই ক্রয় বাবদ এক হাজার ছয়'শ ৩০ টাকা চান। গত দুইদিন যাবত তা পরিশোধ করার জন্য তার মা হাছিনা বেগমকে তাগাদা দিচ্ছিলেন পান্না। এদিকে প্রবাসে হাছিনা বেগমের স্বামী সোহেল তালুকদারের অবস্থা ভালো না হওয়ায় তিনি পার্শ্ববর্তী অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে জীবনযাপন করছিলেন।
মেয়ের দাবি করা টাকা দুই-তিন দিন পরে পরিশোধ করবেন বলে মেয়েকে জানান। এ নিয়ে মা-মেয়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে শুক্রবার শবেবরাতের রাতে ছেলে মাকসুদ আলমকে নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদে এগিয়ে দিতে যান হাছিনা। এরপর রাত ৮টার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে পান্না আক্তার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এ সময় হাছিনা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
আরও পড়ুন: জৈবিক অস্ত্রের কথা অস্বীকার করে রাশিয়াকেই দুষছে পশ্চিমারা
পরে খবর পেয়ে শুক্রবার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা যতটুকু জানি সে তার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার তার মা বাদি হয়ে একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
একাত্তর/আরবিএস
