সিরাজগঞ্জে এক রাতে কৃষকের ফসলের মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। কৃষকের অভিযোগ, থানায় এ বিষয়ে চুরির অভিযোগ জানাতে গেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা হারানোর অভিযোগ দিতে বলেন।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে জানা যায় জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকড়শোন গ্রামের দক্ষিণ বোরো ফসলের মাঠ থেকে কৃষক কাদের আলী, মোজাহার হোসেন, শামসুল হক ও সবুজ আলীর বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে।
আলামিন, মোয়াজ্জেম হোসেনসহ একাধিক কৃষকের অভিযোগ, গত ১৪ মাসে ফসলের মাঠ থেকে কৃষকের ৪৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এই চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় ভুক্তভোগী কৃষক অভিযোগ জানাতে গেলে চুরির ডায়েরি নেওয়া হয়না। বরং দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা হারিয়ে গেছে মর্মে অভিযোগ দিতে বলেন। অথচ চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে স্থানীয় বিদ্যুৎ বিভাগের সূত্র জানিয়েছে, চুরি যাওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলোর আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।
এ দিকে গণহারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র সেচ মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষক সবুজ আলী, আল আমিন, হাজী আব্দুর রহমান, সোলায়মান হোসেনসহ অনেক ভুক্তভোগী জানান, চলমান বোরো আবাদের ভরা মৌসুমে ফসরে মাঠে সেচযন্ত্র সচল রাখার কোনো বিকল্প নেই। তাই আবারও ট্রান্সফরমার কিনতে হবে। এতে করে আর্থিক ক্ষতিসহ সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর অধীনে তাড়াশ উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বিভিন্ন ফসলের মাঠে এক হাজার ৫৮০ টি গভীর ও অগভীর সেচযন্ত্র রয়েছে।
অপর দিকে প্রত্যন্ত গ্রাম এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন বিস্তৃত। এতে সঙ্ঘবদ্ধ চোরের দল গণহারে উপজেলার বিভিন্ন এলাকার ফসলে মাঠের সেচযন্ত্র ও গ্রাম এলাকার বৈদ্যুতিক খুঁটি থেকে নির্বিঘ্নে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে।
তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে আরও জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে চলতি ডিসেম্বর মাসে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪৪টিসহ ২০২২ সালের এপ্রিল পর্যন্ত গত ১৪ মাসে মোট ৪৮ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।
আরও পড়ুন: দুই ভাইয়ের ধর্ষণের শিকার সেই গৃহবধূকে মাথার চুলকেটে নির্যাতন
এ প্রসঙ্গে তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. রাব্বুল হাসান বলেন, বিপুল সংখ্যক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঘটনায় তারাও উদ্বিগ্ন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরদের আটক করতে পুলিশি তৎপরতা চলছে।
একাত্তর/এসি
