কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে মালবাহী কন্টেইনার ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালীসহ তিনটি রুটে সোয়া আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
সোমবার (৯ মে) বেলা সোয়া ১২টায় উদ্ধারকাজসহ রেললাইনের কাজ সম্পন্ন হয়। এর আগে সোমবার ভোর ৪টায় কুমিল্লা রাজাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৪ নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লা রাজাপুর রেলস্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
ভোরে এ ঘটনার পরপরই লাকসাম, আখাউড়া ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করেছে। ইতিমধ্যে রেললাইন থেকে মালবাহী বগি সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝালকাঠিতে গুড়িগুড়ি বৃষ্টি
যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান এই রেল কর্মকর্তা।
মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও নোয়াখালী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো সোয়া আট ঘণ্টা। এছাড়া লাকসামে উপকূলসহ কুমিল্লা রেলস্টেশনে তিনটি ট্রেন আটকা পড়ে ছিলো।
একাত্তর/এসজে
