রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনষ্টিটিউটের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন বিশ্বাসকে দুই শিক্ষক মিলে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা সাব্বিরকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাব্বির হোসেন বিশ্বাস ডাঙ্গা হাতিমোহন গ্রামের ইলিয়াছ হোসেন বিশ্বাসের ছেলে।
সাব্বিরের বাবা ইলিয়াছ হোসেন বিশ্বাস অভিযোগ করে বলেন, বুধবার (৮ জুন) দুপুরে সাব্বির বিশ্বাস স্কুলের বিজ্ঞান পরীক্ষা শেষে বাড়ী ফেরার জন্য স্কুলের সামনে ভ্যানের জন্য অপেক্ষা করছিল। এসময় হঠাৎ করেই স্কুলের শিক্ষক হারান চন্দ্র মন্ডল ও আব্দুস সবুর খান ওরফে দুলু এসেই মাটিতে ফেলে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে।
এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তাকে ফেলে রেখে চলে যান। পরে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তবে ঘটনা সম্পর্কে নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া ও অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীকে মারপিটের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/ এনএ
