উত্তরাঞ্চলে বন্যার আকার বাড়ছে, বাড়ছে দুর্যোগও

আপডেট : ২১ জুন ২০২২, ১২:১১ এএম

ভারী বৃষ্টিতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সব নদ-নদীর পানি বাড়ছে। ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে নদী তীরের নিচু এলাকা, চর ও ও দ্বীপচর। 

এই পরিস্থিতিতে দুর্গত এলাকার হাজার হাজার মানুষের ঘরবাড়ি থেকেও নিজের বসতভিটায় বসবাসের উপায় নেই। আশ্রয় নেই, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। দুর্বিষহ এক পরিস্থিতি।

কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে এক শিশু। নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদ-নদীর পানি বাড়তে থাকায় টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

বগুড়ায় যমুনার পানি বাড়ছে

উজানের ঢল ও বর্ষনে বগুড়ায় যমুনা নদীর পানি বাড়ছে। সোমবার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

এতে যমুনা তীরের নিচু এলাকা সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটের বন্যা কবলিত অঞ্চলের মানুষ নিজ বসতবাড়ি থেকে বন্যা নিয়ন্ত্রণ বাাঁধে আসতে শুরু করেছে।

image


পানিবন্দি হয়েছেন ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৮০টি গ্রামের ৫৬ হাজার মানুষ। দেখা দিয়েছে খাবার পানি,পয়নিষ্কাষণ ও জ্বালানি সমস্যা। 

জেলার তিনটি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের ৮৩৪ হেক্টর জমির আউস, পাট, ভূট্টা ও বীচতলা বন্যার পানিতে তলিয়ে গেছে। 

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র এবং ধরলা নদীর পানি বেড়েই চলেছে।

সোমবার সকালে ব্রহ্মপুত্রের চিলমারীর পয়েন্টে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার এবং ধরলা নদীর ফেরিঘাট পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এর ফলে জেলার ৯ উপজেলার ৪৯টি ইউনিয়নের ২৮৪টি গ্রামে ২৭ হাজার ১৯৭টি পরিবারের এক লাখ আট হাজার ৭৮৮ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

দুর্গত এলাকার অনেক মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। অনেকে ঘরের ভেতর ও আঙ্গিনায় মাঁচা পেতে এবং অনেকে নৌকার মধ্যে বসবাস করছেন। 

বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে পড়েছেন তারা। রান্না করার ব্যবস্থা না থাকায় শুকনো খাবার খেয়ে দিন কাটছে অনেকের।

image


জেলায় বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়ে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন।

কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগ ৮৫টি মেডিকেল টিম এবং নয়টি উপজেলায় একটি করে মনিটরিং টিম খোলা হয়েছে। সিভিল সার্জন অফিস এসব তত্ত্বাবধায়ন করছে।

জেলাটির কমপক্ষে ৭৪২টি পুকুরের ৭০৫ জন মৎস্যচাষির ১১৫ মেটিক টন মাছ ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৫৩ কোটি ৭৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, জেলা প্রশাসক দপ্তরে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিদিনের ক্ষয়ক্ষতির হিসাব নেয়া হচ্ছে।

গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত

গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার চারটি উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 

গাইবান্ধার ঘাঘট নদীর পানি শহরের ব্রিজরোড পয়েন্টে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এবং ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে ৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

image


বিশেষ করে উপজেলাগুলোর নদী তীরবর্তী চরাঞ্চলের ঘড়বাড়িতে কোথাও হাটু আবার কোথাও কোমর পানি উঠেছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। 

ঘাঘটের পানির চাপে গাইবান্ধা শহররক্ষা বাঁধ ডেভিড কোম্পানীপাড়া ও কুঠিপাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়াও করতোয়া তিস্তাসহ সব নদ-নদীর পানি বাড়ছে।

সিরাজগঞ্জের পৌর এলাকায় পানি

যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি, চরমালশাপাড়াসহ বাঁধের ভেতরে বাড়িঘরে বন্যার পানি ঢুকছে। 

এছাড়াও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসল ডুবে গেছে । প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। করোতোয়া, ফুলজোড়, ইছামতি, বড়ালসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে।

জেলার কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল ডুবে গেছে। সেখানকার মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। 

জামালপুরে পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ

জামালপুরে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরামসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়ছে। এতে ফলে বন্যার পানিতে প্লাবিত হয়েছে জামালপুরের ৬ উপজেলার কমপক্ষে ৩০ গ্রাম। 

পানিবন্দি হয়ে পড়েছে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ।

প্রতিদিন নতুন করে বন্যার পানি প্রবেশ করে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ, চিকাজানী, বাহাদুরাবাদ উপজেলা পরিষদে পানি ঢুকতে শুরু করেছে।

image


জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বন্যা কবলিত ৫০টি পরিবারকে রেলওয়ে স্কুল আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। দুর্গত এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

শেরপুরে অর্ধশত গ্রাম পানির নিচে

শেরপুরের মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বেগে পেয়ে শেরপুর সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর ১৩টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে।

দ্বিতীয় দফার এই বন্যায় শেরপুরের পঞ্চাশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ওইসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

পাহাড়ি ঢলের তোড়ে মহারশি নদীর বাঁধের বিভিন্ন অংশ ভেঙে গেছে। ঝিনাইগাতী-গোবিন্দগঞ্জ সড়কের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে ঢলের পানি। 

image


পানিতে তলিয়ে গেছে কাঁচা-পাকা বহু সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ-কালভার্ট। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। সে সঙ্গে তলিয়ে গেছে আমন বীজতলা ও সদ্য রোপিত আউশ ধানের ক্ষেত।

জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, বন্যা পরিস্থিতিতে দফতর প্রধানদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। চাল, নগদ অর্থ, শুকনো খাবার ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছ।

নেত্রকোনায় সেনাবাহিনী মোতায়েন

ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এখন নেত্রকোনার ১০ উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে।

সীমান্তবর্তী কলমাকান্দা ও সুসং দুর্গাপুর উপজেলাসহ অন্যান্য উপজেলায় অন্তত পাঁচ লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানে বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পানিবন্দিদের উদ্ধার ও সহায়তার জন্য রোববার সকাল থেকে খালিয়াজুরিতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। 

তারা এখন সম্মিলিতভাবে পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ স্থান ও আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ১৮৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে কমপক্ষে ২১ হাজার বন্যার্ত আশ্রয় নিয়েছেন। 

image


বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি ও ওষুধ সঙ্কট দেখা দিয়েছে। পাহাড়ি নদী সোমেশ্বরী, গনেশ্বরী, মঙ্গলশ্রী, মহাদেও, কংশ, ধনু ও মগড়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরই মধ্যে বন্যার পানিতে নেত্রকোনা-কলমাকান্দা. নেত্রকোনা-মোহনগঞ্জের রেলপথসহ জেলার অভ্যন্তরীণ সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢলের পানিতে অসংখ্য রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলী জমি, ব্যবসা প্রতিষ্ঠান, শত শত শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে।

কিশোরগঞ্জ হাওরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত

হাওরে পানি বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শনিবার থেকে চার উপজেলার ১৬০ কিলোমিটার সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 

প্রায় ১০ হাজার গ্রাহক ও তাদের পরিবার বিদ্যুত্বিহীন অবস্থায় রয়েছে। উপজেলাগুলো হচ্ছে- ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন ও করিমগঞ্জ। 

ইটনা, অষ্টগ্রাম, নিকলী, মিঠামইন, তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার নিচু এলাকার অনেক বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকেছে এবং গ্রামীণ সড়কগুলো ডুবে গেছে। 

গবাদি পশু নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। পানিকবলিত এলাকার লোকজন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিচ্ছেন।

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর