পাবনার ঈশ্বরদীতে দুই নারী পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি শেখপাড়া এলাকার একটি আখক্ষেতে এই ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঈশ্বরদীর লক্ষ্মীকোলা গ্রামের আল আমিন (২৫), মহিদুল সরদার (৩৫), নাটোরের বড়াইগ্রামের গোপালপুর গ্রামের আব্দুর রশীদ (৩৫) ও রাজাপুর গ্রামের জাবেদ আলী (৩৫)।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ ও মামলা দায়ের শেষে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, এক নারী পোশাক কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিযুক্ত আল আমিনের। সম্পর্কের এক পর্যায়ে ওই নারীকে ঈশ্বরদীতে দেখা করার জন্য আসতে বলেন আল আমিন।
তার সঙ্গে দেখা করার জন্য ওই নারী তার বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়া যান। এসময় আল আমিন তার সহযোগীদের নিয়ে রাত ৮টার দিকে তাদের আখক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে ছেলেদের হাতে বাবা খুন
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে দশটার দিকে পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে।
ওসি আরও জানান, ভুক্তভোগীদের বক্তব্য শুনে রাতেই কুষ্টিয়া ও বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
একাত্তর/এসজে
