ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে দোহার উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শুক্রবার (৭ অক্টোবর) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় আজহার বেপারীর নিজ বাড়িতে অবস্থিত এ কারখানাটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল উৎপন্ন ও বিক্রি করে আসছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান জানান, গোপন খবরের মাধ্যমে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঐ কারখানায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা। পরে ওই কারখানা মালিককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ধারা অনুচ্ছেদ ৫ এর ২ উপধারায় (খ) পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ডুবে মৃত্যু জামাইয়ের
সকালে উপজেলার ভিতরে খালি জায়গায় জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার ও থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন বলেও জানা গেছে।
একাত্তর/জো
