চাঁপাইনবাবগঞ্জের জিয়ানগর এলাকায় বসতবাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় আহত মা-ছেলেসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই জালাল উদ্দিন বাদি মামলা দায়ের করেন।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- শহিদুল ইসলাম, তার মা তাহমিনা বেগম, সহযোগী বিল্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।
মামলার বিবরণে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও নাশকতা সৃষ্টির লক্ষে শনিবার রাতে পৌনে ৯টার দিকে জিয়ানগর এলাকায় আসামিরা ককটেল তৈরি ও বিস্ফোরক মজুদ করেছিলো।
এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটলে তাহমিনা বেগম ও তার ছেলে শহীদ গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, এই মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের নামে মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান বলেন, তাহমিনা বেগম রামেকের আইসিইউতে ভর্তি রয়েছেন। শহিদুল ও বিল্টুকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
আরও পড়ুন: অর্ধশতাধিক ভারতীয় মোবাইলসহ যুবক আটক
উল্লেখ্য, শনিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকায় ককটেল বানাতে গিয়ে তাহমিনা বেগম ও তার ছেলে শহিদুল ইসলাম গুরুতর দগ্ধ হন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ঘরের জানালা উড়ে যায় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর দগ্ধ হোন মা-ছেলে উভয়ে।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের রামেকে পাঠানো হলে মাঝপথে অ্যাম্বুলেন্স থেকে নেমে দগ্ধ অবস্থায় আত্মগোপনে চলে যান মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ।
একাত্তর/এসি
