সাভারের আশুলিয়ায় ক্ষতিকারক রাসায়নিক মিশিয়ে ভেজাল ওরস্যালাইন ও ইনো তৈরির অবৈধ কারখানার সন্ধান মিলেছে। এ ঘটনায় কারখানার কেমিস্ট পরিচয় দেয়া একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে আশুলিয়ার নিরিবিলি ফাল্গুনী ইস্টার্ন হাউজিং এলাকায় বিজি প্রেস ফুড অ্যান্ড বেভারেজ কারখানা নামে কারখানাটির সন্ধান পাওয়া যায়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানাটির কর্মচারী মিরাজুল ইসলামকে আটক করে।
কারখানাটির হদিশ পাওয়ার বিষয়টি বর্ণনা করেছেন প্রকৃত স্যালাইন তৈরিকারী এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম রিয়াজ।
তিনি জানান, অনেকদিন ধরেই আশুলিয়াসহ আরও কয়েকটি এলাকায় তাদের কোম্পানির স্যালাইন অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে বলে গোপন খবর পান তারা। পরে রোববার বিকেলে কোম্পানির পক্ষ থেকে বিষয়টির সত্যতা যাচাই করতে যান রিয়াজসহ কয়েকজন।
এসময় তারা বিজি প্রেস নামে কারখানাটির সামনে একটি ভ্যানে কয়েক কার্টন এসএমসির ওরস্যালাইন দেখতে পান। পরে ভেতরে গিয়েও তাদের কোম্পানির স্যালাইন নকল মোড়কে তৈরি ও বাজারজাতকরণের সত্যতা মেলে। এসময় স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যানকে অপসারণ
গোলাম রিয়াজ বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে এই কারখানায় স্যালাইন তৈরি করা হচ্ছিল। প্রতিদিন ২০০ কার্টন এই অবৈধ স্যালাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। বিষয়টি এসএমসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।’
আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, এখানে বিপুল পরিমাণ ওরস্যালাইন-এন ও ইনো পাওয়া গেছে। এ ঘটনায় কারখানার কেমিস্ট পরিচয় দেয়া মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে
