ঝিনাইদহ শহরের ঘোষপাড়ায় ছিনতাইকারীর আঘাতে আহত এক রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই রিকশাচালকের নাম কুমার দাস (৬০)। তিনি শহরের ষাটবাড়িয়া এলাকার মৃত পাগলা দাসের ছেলে।
নিহতের স্বজন লিটন দাস জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তিনি রিকশা নিয়ে বের হন। তবে রাতে ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজ করেন। এক পর্যায়ে শহরের জামতলা এলাকা থেকে তার রিকশাটি উদ্ধার করা হয়। তবে রিকশার ব্যাটারি ছিল না।
শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন ঘোষপাড়া কালভার্টের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা তিনি মারা যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইসরাইল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: এবার বৃহত্তর ফরিদপুরে বাস ধর্মঘট, দুর্ভোগে পথের মানুষ
এ বিষয়ের ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা কুমার দাসকে জখম করে রিকশার ব্যাটারি নিয়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনা হবে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
একাত্তর/এসি
