কক্সবাজার ১৩ লাখ ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা দেন। এসময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলায় দণ্ডিতরা হলেন, উখিয়ার বালুখালী ১৩ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. আয়াজ, কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার আবুল কালাম, খাগড়াছড়ি জেলার মানিকছড়ির পঞ্চরাম পাড়ার আজিমুল্লাহ এবং একই এলাকার আবুল কালাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ফরিদুল আলম জানান, ২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যা সাতটায় র্যাব-১৫ এর একটি টিম কক্সবাজার শহরের মাঝির ঘাটে খুরুস্কুল ব্রিজের কাছে একটি ফিশিংবোট আটক করে। এসময় ফিশিং বোটে থাকা মো. আয়াজ ও মো. বিল্লালকে আটক করা হয়।
তিনি জানান, তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫ জন পালিয়ে যায়। পরে ফিশিং বোট তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা, ৯ হাজার নগদ টাকা উদ্ধার এবং ফিশিং বোটটি জব্দ করা হয়।
আরও পড়ুন: মাধ্যমিকে অনলাইনে ভর্তি আবেদন শুরু, এবারও লটারি
এ ঘটনায় র্যাব-১৫ এর নায়েব সুবেদার মো. হারুনর রশীদ বাদি হয়ে ওই দুই জনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন।
একাত্তর/এসি
