গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে দুটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এসময় ভাঙচুর চালানো হয় আরও কয়েকটি বাসে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে নাতিকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন নানী। এ সময় ঢাকাগামী দ্রুতগতির অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুই জনেই আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: সান্তাহারে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, এরই মধ্যে শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে যায়। এসময় উত্তেজিত জনতা ওই বাসসহ দুটি অনাবিল পরিবহনের বাস আটক করে অগ্নিসংযোগ করে। এছাড়া মহাসড়কে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুরও করেছে। এ ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয় বলেও জানান তিনি।
একাত্তর/জো
