রাজবাড়ীর পদ্মা নদীতে আলাদা আলাদাভাবে বিশাল আকৃতির তিনটি মাছ ধরা পড়েছে। এরই মধ্যে মাছ ৩ টি ৮২ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হয়েছে রাজধানী ঢাকায়।
জানা গেছে মঙ্গলবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জাল ফেলে জেলে জাহিদ হলদার, এ সময় তার জালে ২৫ কেজি ১ শত গ্রাম ও জনের একটি বাগাইড় মাছ ধরা পরে।
মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আশা হলে তা ১ হাজার দুই শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় বিক্রি হয়।
একই সময় পদ্মায় জেলে কাজী নজরুল ইসলাম হলদারের জালে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। মাছটি আড়তে আনার পর ১ হাজার ৬ শত টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৮ শত টাকায় বিক্রি হয়।
এছারাও বেলা ১১ টার সময় দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের কাছে জেলে শংকর হলদারের জালে ধরা পরে ১০ কেজি ওজনের একটি রুই মাছ। মাছটি আড়তে নিয়ে আশার পর ১ হাজার ৭ শত টাকা কেজি দরে মোট ১৭ হাজার টাকায় বিক্রি হয়।
বিশাল আকৃতির এই মাছ তিনটি ব্যাবসার জন্য কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মোঃ শাজাহান মিয়া সম্রাট।
মোঃ শাজাহান মিয়া সম্রাট একাত্তরকে জানান, মঙ্গলবার সকালে মাছ তিনটি স্থানীয় আড়ত থেকে কিনে আনার পর ২৫ কেজি ওজনের বাগার মাছটি ঢাকার এক গার্মেন্টস ব্যাবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
এছাড়াও ১৮ কেজি ওজনের কাতল মাছটিকে বিক্রি করা হয়েছে ১ হাজার ৭ শত টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকায়। আর ১০ কেজি ওজনের রুই মাছটি বিক্রি করা হয়েছে ১৮ হাজার টাকায়। সব মিলিয়ে বড় তিনটি মাছ ৮২ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ জানান, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।
একাত্তর/এসএ
