পারিবারিক কলহের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া কিনারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি কিনারা গ্রামের বশির আহমেদের ছেলে। নাঙ্গলকোট উপজেলার মন্নারা বাজারে সমিলের শ্রমিক হিসেবে কাজ করতেন দেলোয়ার। আর অভিযুক্ত বড় ভাইয়ের নাম রমজান মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পারিবারিক কথাবার্তার এক পর্যায়ে বড় ভাই রমজান মিয়া তার মাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় ছোট ভাই দেলোয়ার হোসেন গিয়ে মাকে গালমন্দ করতে বাধা দেন। এতে রমজান মিয়া ক্ষিপ্ত হয়ে ছোট ভাই দেলোয়ার হোসেনের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন: মস্কো যাচ্ছে ওয়াগনার বাহিনী, বাধা দিলেই লড়াই
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক রমজান মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর/আরবিএস
