কক্সবাজার খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্পে হেফাজ উদ্দিন নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। শুক্রবার বিকেলে ৮ থেকে ১০ জনের একটি দল মানসিক ভারসাম্যহীন ওই কিশোরকে মারধর করলে তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল থেকে তিনবার মারধরের শিকার হয় ১৮ বছরের হেফাজ উদ্দিন। শেষবারে বেধড়ক মারধরেই তার মৃত্যু হয়।
পরিবারের লোকজনের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন হেফাজকে খুরুষ্কুলের একদল চিহ্নিত কিশোর গ্যাং জোর করে মাদক খাওয়াতে চাইতো। এমনকি মাঝে মাঝে তাকে দিয়ে অনৈতিক কাজ করাতে বাধ্য করা হতো। তাদের কথা না শোনাতেই এই হত্যাকাণ্ড দাবি তাদের।
ভুক্তভোগী কিশোরের বাবার অভিযোগ, ‘ওরা তিনবার আমার বাচ্চারে মারছে।’
হাফেজের মা জানান, এর আগে কিশোর গ্যাঙদের অত্যাচারে আত্মহত্যা করতে চেয়েছিল হেফাজ।
স্থানীয় ১নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, হেফাজ উদ্দিনকে নির্যাতনের অভিযোগ পেয়েছিলেন তিনি। পরে এর সমাধানও করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনায় তদন্ত করছে। এ ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের যথাযথ বিচারের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবার জানিয়েছে, কিশোর অপরাধীরা তাদের অপরাধমূলক কাজে হেফাজ উদ্দিনকে জড়িত করতে না পেরে ক্ষিপ্ত হয়ে তাকে খুন করেছে। পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে।
আরও পড়ুন: নাবিলকে জীবিত টেনে নিয়ে মরদেহ ফেরত দিলো সাগর
জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে ওসি রফিকুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ
