শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে উপকারভোগীদের সমর্থন দেওয়ার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরদের মধ্যে ভেড়া, ভেড়ার খাবার ও ঘর নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। যারা ভেড়া পালন করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমেই তারা কর্মসংস্থান করে নিতে পারবেন।
গ্রামীণ নারীরা সেলাই মেশিনের মাধ্যমেও আয় বাড়ানোর কাজে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করছেন বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ অনেকেই।
আরও পড়ুন: নওগাঁয় জামায়াতের সাবেক আমিরসহ গ্ৰেপ্তার দুই
পরে মন্ত্রী মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জনের মধ্যে ছয় লাখ টাকার চেক এবং সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ২৩ জনের মধ্যে জটিল রোগের চিকিৎসা বাবদ ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
একাত্তর/এসি
