নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের পাঁচদিন পর এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার কলাগাছিয়া মোহনপুর এলাকায় একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন লালমনিরহাট জেলার দিগলটারি গ্রামের আলম বাদশার ছেলে। তিনি স্থানীয় কদম রসুল শহীদুল্লাহ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পরিবারের বরাতে বন্দর থানার পরির্দশক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, ৬ ডিসেম্বর ব্যাটারিচালিত মিশুক নিয়ে বেরিয়ে আর ফেরেননি জাকির হোসেন। তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে স্থানীয়রা কৃষি জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরির্দশক আবু বক্কর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযু্ক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত এক