ভোলার দৌলতখানে উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ মশারী ও খুঁটি জাল দিয়ে মাছ ধরার দায়ে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। সোমবার বিকেলে মেঘনা নদীর মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা মশারি জাল, ৫০০ গাছের খুঁটি, ১৫০ কেজি মাছ ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে জরিমানা করার পাশাপাশি জাল ও খুঁটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন জানান, দৌলতখান উপজেলার মদনপুর সংলগ্ন মেঘনা নদীতে জেলেরা নিষিদ্ধ চরঘেরা খুঁটি জাল (মশারী জাল) দিয়ে বিভিন্ন প্রজাতির রেণু পোনা শিকার করছে- এমন গোপন খবরের ভিত্তিতে মৎস্য বিভাগ সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা মশারি জাল ও ৫০০ গাছের খুঁটি, ১৫০ কেজি মাছ ও চারটি ইঞ্জিন চালিত নৌকাসহ ১২ জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলের ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইঞ্জিন চালিত চারটি নৌকা নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।
এছাড়া জব্দকৃত জাল ও খুঁটি আগুনে পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি জব্দকৃত মাছ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের করা হয় বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।
মা ইলিশ রক্ষায় অভিযান, ২৫ হাজার মিটার জাল জব্দ