মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক রাতে দুই উপজেলায় দুটি হত্যা সংঘটিত হয়েছে। রোববার রাত দুইটার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অন্যদিকে রোববার রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের নতুন চরে স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে স্বামী এমন অভিযোগ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ সদরে নিহত রোমানা আক্তার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকার বাসিন্দা। তার স্বামী নাদিম দেওয়ান। সিরাজদিখানে নিহত সাদিয়া আক্তার উপজেলার লতব্দি ইউনিয়নের মিজানের স্ত্রী।
মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, ছেলের দ্বিতীয় জন্মদিনের কেক কিনে আনেন রোমানা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী নাদিম রোমানাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় রোমানাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাদিমের মা ও বোনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, নিহত সাদিয়ার স্বামী মিজানকে আটক করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জামালপুরে ট্রাক চাপায় চিকিৎসক নিহত