রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর ও কর্মীদের মারধরের ঘটনায় ওই এলাকার ইউপি চেয়ারম্যানের দেহরক্ষীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর দুইটার দিকে রাজবাড়ী-২ আসনের পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে অটোযোগে স্বতন্ত্র প্রার্থীর প্রচারের সময় এ ঘটনা ঘটে।
আটককৃত দেহরক্ষী রোমান উপজেলার পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীদের অভিযোগ, দুপুরে পাট্টা ইউনিয়নে অটোযোগে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস ও তার দেহরক্ষী রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেন। চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার কাজে নিয়োজিত অটোচালক রাসেলের গলা চেপে ধরেন। এসময় তার দেহরক্ষীসহ অন্যরা প্রচারকাজে নিয়োজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তানজীম ও তাওহীদকে মারধর করে পোষ্টার কেড়ে নেয়।
তারা আরও অভিযোগ করেন, এ ঘটনার কিছু পূর্বে একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের প্রচার কাজে নিয়োজিত ভ্যানচালক আক্কাছকে মারধর করে পোস্টার কেড়ে নেয় প্রতিপক্ষের লোকজন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে ঘটনার পর পরই পাংশা থানা পুলিশ পাট্টা ইউনিয়নের বাহের মোড় এলাকায় অভিযান চালিয়ে পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাসের দেহরক্ষী রোমানকে আটক করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ছবি সম্পাদনা করে ভোট প্রার্থনা, আওয়ামী লীগ নেতাকে শোকজ