নরসিংদীতে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি তরুণকে আটক করেছে র্যাব-১১। রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করেছেন নরসিংদী র্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক ও র্যাব কমান্ডার মো. খলিলুর রহমান।
আটককৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দূর্গাবাহারপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে মিনহাজ আহমেদ (২২), একই উপজেলার উত্তর বাল্লা গ্রামের আব্দুল লতিফের ছেলে আইনুল হক (২০)।
র্যাব কমান্ডার খলিলুর রহমান জানান, বিকেলে গোপন খবরের ভিত্তিতে র্যাব-১১ নরসিংদীর একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল, মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি জানান, আটককৃতরা সিলেট ও হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে নরসিংদী ও তার আশপাশের জেলাগুলোতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার