নারায়ণগঞ্জের ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শাসনগাঁও বিসিক মোড় এলাকায় গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে সড়ক নির্মাণ কাজের পাইলিং করার সময় তিতাসের মূল লাইনের পাইপ ফেটে এ আগুন লাগে।
আগুনের উচ্চতা প্রায় চার-পাঁচ তলা সমান হয়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে যায়। এ অগ্নিকাণ্ডে পাশে থাকা চারটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। শেষ পর্যন্ত তিতাস গ্যাস লাইনে সরবরাহ বন্ধ করলে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, মূলত রাস্তার নির্মাণকাজ চলছিলো এখানে। এতে রাস্তার নিচে গ্যাস সংযোগের পাইপ ফেটে যায়। আর সেখান থেকেই আগুন ধরে যায়। এতে রাস্তার পাশে থাকা বেশকিছু টিনশেড দোকানে আগুন লেগে যায়।
আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে বিসিক, পাগলাসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানো পর আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে নারী ও শিশুদের জিম্মি করে ডাকাতি