নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার কলাগাছিয়া এলাকার একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন জানান, দুপুরে কলাগাছিয়া এলাকায় এক ব্যক্তি খালে মাছ ধরতে যান। এসময় কচুরিপানার ঝোপের মধ্যে একটি আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় খালের ওই অংশ থেকে শটগানটি উদ্ধার করে।
ওসি আলাউদ্দিন সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া শটগানটি চব্বিশের পাঁচ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের নম্বরের সঙ্গে থানায় সংরক্ষিত লুট হওয়া অস্ত্রের তালিকার নম্বরের মিল পাওয়া গেছে।
খালের ওই এলাকায় আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। ওসি জানান, জননিরাপত্তার স্বার্থে উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত থাকবে।
