ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে এবং সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ৪০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমসহ কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সরিষা আবাদ সফল করতে এবং কৃষকদের উৎসাহিত করতে এই কর্মসূচির আওতায় উপজেলার দুই হাজার ৪০০ প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনা মূল্যে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।
