যশোরে হাসপাতালে ভর্তি বন্ধুদের দেখে ফেরার পথে এক কিশোরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত একটার দিকে সদর উপজেলার শানতলা এলাকায় হামলার শিকার হয় ওই কিশোর।
নিহত কিশোর চয়ন দাস সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে।
দাসপাড়ার স্থানীয়রা জানান, রাতে তাদের পাড়ার কিছু ছেলে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নাম যজ্ঞানুষ্ঠান দেখতে যায়। সেখানে ভোগের সময় শানতলা দাসপাড়ার অনিক ও বিশালের সাথে তাদের গোলযোগ হয়। এসময় স্বাধীন, দিপ্তসহ কয়েকজনকে মারপিট ও ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে এনে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের স্বজনরা জানান, চয়ন দাস এলাকার লোকজনের সাথে রাত সাড়ে ১১টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যায়। রাত একটার দিকে বাড়ি ফেরার পথে শানতলায় পৌঁছালে ১৫-২০ জন তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে পিটিয়ে জখম করে। পরে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) পার্থ প্রতিম চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তার শ্বাসনালী, কাঁধের পেছনের হাড় ভাঙ্গা ও থুতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর শফিকুল আলম চৌধুরী জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা