নেত্রকোণার দুর্গাপুরে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আত্রাখালী নদীর পাড়ের একটি মেরাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কৃষকের আব্দুল রহিম (৩০) চন্দ্রকোনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের চাচা আহমদ আলী জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আব্দুল রহিম তার কৃষিজমিতে সেচপাম্পের মাধ্যমে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
স্থানীয়রা জানান, রোববার সকালে রহিমকে খুঁজতে বের হন তার মা হালেমা খাতুন। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পাড়ের একটি মেরাগাছে ছেলে রহিমের ঝুলন্ত দেহ দেখে তিনি চিৎকার করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
ধর্ষণ মামলার আসামি হলেন মহিলা কলেজের সভাপতি