জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন।
শনিবার (১০ অক্টোবর) সকালে জেলার বকশীগঞ্জের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতার হলেন- শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও পুত্রবধূ ফরিদা বেগম (৪০)। তারা নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা। নিহত উফেজা বেগম নূর ইসলামের মা এবং ফরিদা বেগম তার স্ত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলো। সকাল ছয়টার দিকে বাসটি নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে এবং বাসের সহকারী মহিউদ্দিনকে আটক করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
