জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই আসামি আসলাম হোসেন হাতে কাঠের বাটাম নিয়ে সরাসরি থানার ভেতরে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি আঘাত করে তিনজনকে আহত করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটকের চেষ্টা চালালেও তিনি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এ ঘটনায় থানায় তাৎক্ষণিকভাবে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসলামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
