দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কৃষিজমি রক্ষা করেই সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা তৈরি করা হবে না।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার 'ভাতার মারি ফার্মে' বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। যেকোনো উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।
তিনি আরও বলেন, আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।
বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানগুলোও ঘুরে দেখেন।
মন্ত্রীর এই পরিদর্শনকালে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
