হামলার শিকার মো. হাবিবুর রহমান (বায়ে), অভিযুক্ত রাশেদুল ইসলাম সামি (ডানে)
পরীক্ষায় না দেখানোয় সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে যখম করার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে এই ঘটনার পর আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার শিক্ষার্থীর নাম মো. হাবিবুর রহমান (হাবিব)। তিনি কলেজের ১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামিক ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থী। থাকেন ঢাকার বনশ্রীতে। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।
ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আতঙ্কে আছি। ঘটনার পর থেকে নানান জায়গা থেকে হুমকি-ধমকিও পাচ্ছি। আমি পরীক্ষার হলে না দেখানোয় রাশেদুল ইসলাম সামি আমাকে পিটিয়েছে। তিনি আমার চোখ-নাক ও মুখে মেরেছে। আমাকে লোহার স্কেল দিয়ে পিটিয়েছে। সে ছাত্রলীগের রাজনীতি করে।’
জানতে চাইলে অভিযুক্ত রাশেদুল ইসলাম সামি বলেন, ‘আমি কাউকে মারিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। এ ঘটনার সাথে আমি জড়িত না। আমি একবছর গ্যাপ দেওয়ায় এখন দ্বিতীয় বর্ষে। ভর্তি হয়েছি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে। আমি ওর সাথে কথা বলছি। কেনো এমন করছে?’
আরও পড়ুন: বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা
তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘যিনি হামলা করেছেন তিনি ছাত্রলীগের কর্মী দাবি করলেও তিনি আমাদের কেউ না। পদদারী কেউ হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো। এ ধরনের ঘটনা নিন্দনীয়।’
একাত্তর/আরএ
