মমেকে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ক্লাস ও পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন—কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুর। মুয়াজ কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের এবং হামিদুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মুয়াজ মীর হামিদুরের কক্ষে যান। সেখানে বাইকে তেল ভরা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। পরে হামিদুর চা খেতে বাইরে গেলে তার মাথায় স্টিলের পাইপ দিয়ে আঘাত করা হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদুর মমেক হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় নাফিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান জানান, সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সাত দিনের জন্য কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া শনিবার সকাল আটটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর