ঢাকাই চলচ্চিত্রে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন শাকিব খান। প্রকৃত নাম মাসুদ রানা। ভক্তরা কখনো কিং খান, কখনো ভাইজানও বলেও ডাকেন। বছরের পর বছর ঢালিউডে তার একচ্ছত্র আধিপত্য। আজ এই সুপারস্টারের জন্মদিন।
১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্ম গ্রহণ করেন শাকিব। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা থেকে শুরু।
শাকিব খানের জন্মদিন ঘিরে থাকছে নানা চমক। এবারের জন্মদিনটা শাকিবের জন্য হতে যাচ্ছে আরও বিশেষ। আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। একই সঙ্গে প্রথমবারের মতো তাকে দেখা যাবে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এ। এদিকে এই প্রথম সফল নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমাতেও প্রধান চরিত্রে শাকিব।

'শুভ জন্মদিন বাবা’
এদিকে শাকিবের জন্মদিনে বুবলীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শুয়ে আছেন শাকিব। আর তার নিচে লেখা— 'শুভ জন্মদিন বাবা’ আমি তোমাকে ভালোবাসি।

দেশ-বিদেশে শাকিব-ঝড়
শাকিবের জন্মদিনে আজ দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমাটির ট্রেলার দেখানো হবে। হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্প কেন্দ্র করে নির্মিত। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছু দিন আগে বাংলাদেশে এসে কোর্টনি নিজের অংশের শুটিংও শেষ করে গেছেন।
শোনা যাচ্ছে, ‘দরদ’ সিনেমা নিয়েও কিছু একটা হতে চলেছে জন্মদিন ঘিরে। ৩ মিনিটের জন্য বুর্জ খলিফা হবে ‘দরদ’-এর জন্য। দেখানো হবে ৫ ভাষার প্রোমো। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমা। এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখকে। এটি বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়।
তবে পিছিয়ে নেই পরিচালক রাফিও। জন্মদিনের ঠিক একদিন আগে ফার্স্ট লুক প্রকাশ করেছেন। যেখানে শাকিব নজর কেড়েছেন গ্যাংস্টারের রূপে। ‘তুফান’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। এ সিনেমায় আরেক অভিনেত্রী হলেন ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে খ্যাতি কুড়ানো মাসুমা রহমান নাবিলা। এবার দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে শুধু যেন শাকিবের ঝড়।

অভিনয় জীবনে চূড়ান্ত সফল হলেও তার ব্যক্তি জীবন নিয়ে আছে সমালোচনা। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীর সঙ্গে ব্যক্তিগত জীবন জড়িয়ে বিতর্ক তৈরি করেছেন নায়ক। দুই নায়িকার ঘরেই আছে শাকিব খানের দুই সন্তান জয়-বীর। অপু–বুবলীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক না টিকলেও সন্তানদের দেখভাল করছেন শাকিব, নিয়ম করে সময়ও দেন। দুই সন্তানকে ভালোবাসেন শাকিব।
শাকিব খানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুই যদি আমার হইতি রে’, ‘১ টাকার বউ’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘সিটি টেরর’, ‘আমার স্বপ্ন তুমি’সহ অসংখ্য সিনেমা।
পেয়েছেন বহু সম্মাননাও। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসব তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।
