পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও ঘনীভূত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে চলেছে। এর প্রভাবে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারী বর্ষণ ও জলমগ্নতা। পরিস্থিতি বিবেচনায় চেন্নাইয়ে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবারের ভোরের মধ্যে ওঙ্গোল ও এর আশপাশের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এই তীব্র ঘূর্ণিঝড়। এ সময় ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার গতি ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। স্থলভাগে আঘাত হানার পর ঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হয়ে বা অভ্যন্তর ভাগের দিকে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃষ্টির দাপট ও চেন্নাইয়ের পরিস্থিতি: ঘূর্ণিঝড়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চেন্নাই এবং পাশের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মাধবরাম এলাকায় ১১ সেন্টিমিটার, এবং এন্নোর পোর্ট ও নুঙ্গমবাক্কমে ১০ সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে চেন্নাইয়ের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পৌর কর্তৃপক্ষ দ্রুত জল নিষ্কাশনের জন্য পাম্প মোতায়েন করে। শহরের ২২টি সাবওয়ের মধ্যে মাত্র দুটিতে সামান্য জলমগ্নতার খবর পাওয়া গেছে।
সতর্কতা ও নিষেধাজ্ঞা: ঘূর্ণিঝড়ের তীব্রতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে চেন্নাইয়ে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সমুদ্রের পরিস্থিতি খুব উত্তাল থেকে প্রলয়ংকরী হতে পারে। এই পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে মাছ ধরার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
