পুর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের এক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
ইউক্রেনিয় কর্মকর্তারা শুক্রবারের (৮ এপ্রিল) এই হামলার জন্য যথারীতি রুশ বাহিনীকে দায়ী করলেও রাশিয়া এই হামলার সাথে তাদের সম্পৃক্ততা নাকচ করেছে।
দোনেৎস্ক অঞ্চলের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো রুশ বাহিনীর এই হামলাকে স্বেচ্ছাচার উল্লেখ করে জানান, ক্রামাতোর্স্ক শহরের ওই রেলস্টেশনে শত শত লোক শহর ছেড়ে যাওয়ার জন্য জড়ো হয়েছিল।
তিনি আরও জানান, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিলেন। এ রেলস্টেশনের মাধ্যমে দোনেৎস্ক থেকে বাসিন্দাদের ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেওয়া হচ্ছিল।
ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান ওলেক্সান্দার কামিশিন এক বিবৃতিতে জানান, ক্রামাতোর্স্ক রেল স্টেশনে দুইটি রকেট আঘাত হেনেছে। এতে অন্তত ৩৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপি'র এক সাংবাদিক জানিয়েছেন, তিনি গোটাবিশেক মরদেহ একটি প্লাস্টিকের আবরণে ঢাকা দেখেছেন, যা থেকে রক্ত গড়াচ্ছিল।
হামলায় ক্ষতিগ্রস্ত চারটি গাড়ির পাশে একটি বড় রকেটের ধ্বংসাবশেষ দেখেন বলেও জানান তিনি যাতে রুশ ভাষায় লেখা ছিলো 'আমাদের শিশুদের জন্য'।
এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রামাতোর্স্ক শহরে রকেট হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হলেও তা অসত্য ও উস্কানিমূলক।
এই বিবৃতিতে ঘটনাস্থলে পাওয়া 'টচকা-ইউ' মিসাইলের অবশেষের কথা উল্লেখ করে বলা হয়, এই ধরণের মিসাইল ইউক্রেনিয় বাহিনী ব্যবহার করে থাকে।
একাত্তর/জো
