ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে রুশ বাহিনীর দখল করা মানহুশ গ্রামে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্যাটেলাইটের ছবির ভিত্তিতে স্থানীয় প্রশাসন এ দাবি করেছে।
পুরানো কবরস্থানের পাশে নতুন ২০০টি কবর পাওয়া গেছে। কবরগুলো দেয়া হয়েছে ২৩ থেকে ২৬ মার্চের মধ্যে। যেখানে অন্তত ৯ হাজার মানুষকে কবর দেয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন বলছে, বর্বর যুদ্ধাপরাধের প্রমাণ গায়েব করছে রাশিয়া। মারিউপোলে ২১ শতকের সবচেয়ে ভয়ানক যুদ্ধাপরাধ করেছে দেশটি।
যুদ্ধে মারিউপোলে ২০ হাজারের বেশি বাসিন্দা নিহত হয়েছে। অধিকাংশ মরদেহ সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি তাদের।
গণহত্যা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চেয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার মারিউপোলকে মুক্ত ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরও পড়ুন: সবে শুরু, আরও দেশে হামলা চালাবে রাশিয়া: জেলেনস্কি
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিফ্রিংয়ে বলেছেন, মারিউপোল নগরীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও ভাড়াটে সৈন্যদের থেকে মুক্ত করা হয়েছে।
সেখানকার অবশিষ্ট ইউক্রেন বাহিনী আজোভস্টাল স্টিল কারখানায় অবরুদ্ধ হয়ে পড়েছে। নগরীতে যুদ্ধের সময় এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছেন।
