দক্ষিণ আফ্রিকার সোয়েতো শহরের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর বিবিসি।
রোববার (১০ জুলাই) ভোরে অরলান্ডো ইস্ট ট্যাভার্নে কয়েকজন বন্দুকধারী ঢুকে একদল তরুণ-তরুণীর ওপর এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে বলে জানিয়েছে পুলিশ।
পরে তারা একটি সাদা মিনিবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত এ হামলার মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।
গাউতেং প্রদেশের পুলিশ প্রধান জেনারেল ইলিয়াস মাওয়েলা জানান, এ ঘটনাকে 'পানশালার নির্দোষ ক্রেতাদের ওপর ঠাণ্ডা মাথায় হামলা' বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্দুকধারীদের কাছে রাইফেল ও ৯ মিলিমিটার পিস্তল ছিল।
এদিকে, কোয়াজুলু-নাটাল প্রদেশের আরেক পানশালায় হামলায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে পুলিশ।
একাত্তর/এসজে
