ইউক্রেনের সোলেদার শহরের দখল নিয়ে রাশিয়ান সেনাবাহিনীর সাথে ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে উপহাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একে 'শত্রুর ব্যর্থতার স্পষ্ট চিহ্ন' বলে আখ্যায়িত করেছেন তিনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে দেয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াগনার এবং রাশিয়ান সরকারের দাবি সত্ত্বেও সোলেদার ও ইউক্রেনের অন্যান্য পূর্বাঞ্চলীয় শহরগুলোতে যুদ্ধ অব্যাহত ছিল।
যুদ্ধক্ষেত্রে কয়েকমাসের সামরিক পশ্চাদপসরণ ও বিপর্যয়ের পর সোলেদারের পতন রাশিয়ার প্রথম উল্লেখযোগ্য বিজয় হিসেবে চিহ্নিত হবে, যদিও সামরিক বিশ্লেষক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই শহরের কৌশলগত তাত্পর্যকে ছোট করে দেখছে।
জেলেনস্কি তার ভাষণে বলেন, 'দোনেৎস্ক অঞ্চলের জন্য কঠিন যুদ্ধ অব্যাহত রয়েছে। বাখমুত এবং সোলেদারের জন্য, ক্রেমিনার জন্য, আমাদের দেশের পূর্বের অন্যান্য শহর ও গ্রামের জন্য যুদ্ধ অব্যাহত রয়েছে'।
তিনি আরও বলেন, যদিও শত্রুরা তার সবচেয়ে বড় বাহিনীকে এই দিকে কেন্দ্রীভূত করেছে, আমাদের সৈন্যরা- ইউক্রেনের সশস্ত্র বাহিনী, সমস্ত প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী- দেশকে রক্ষা করছে'।
জেলেনস্কি তারপর রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওয়াগনার ভাড়াটেদের মধ্যে সংঘর্ষের কথা বলেন।
আরও পড়ুন: আক্রান্ত হলে ইউক্রেনকে পাল্টা জবাব দেবে বেলারুশ
'কিছু কৌশলগত অগ্রগতির জন্য কাকে কৃতিত্ব দেওয়া উচিত তা নিয়ে তারা ইতিমধ্যে নিজেদের মধ্যে লড়াই করছে,' তিনি বলেন।
এটিকে শত্রুর ব্যর্থতার একটি স্পষ্ট সংকেত বলে দাবি করে তিনি বলেন, 'দখলদারের উপর আরও চাপ দেওয়া এবং শত্রুর আরও ক্ষয়ক্ষতি করা আমাদের সকলের জন্য আরেকটি প্রণোদনা'।
একাত্তর/এসজে
