যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের পর সোমবার এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'আমরা সঠিক পথে রয়েছি।'
ক্যালিফোনিয়ায় জলবায়ু বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন এ মন্তব্য করেন। খবর এএফপি'র।
বাইডেন বলেন, ব্লিঙ্কেন চীনের রাজধানী বেইজিং সফরকালে ‘একটি জটিল দায়িত্ব পালন’ করেছেন।
২০১৮ সালের পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই ছিল ব্লিঙ্কেনের প্রথম চীন সফর।
এর আগে পূর্বনির্ধারিত দুইদিনের সফরের অংশ হিসেবে সোমবার প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর এক সংবাদ সম্মেলনে তাইওয়ান বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না।’
তবে তাইওয়ান প্রণালীতে চীনের "উস্কানিমূলক কর্মকান্ডের" বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, প্রেসিডেন্ট শি-র সাথে বৈঠকে এ বিষয়টি তিনি তুলেছেন।
আরও পড়ুন: গোয়েন্দা সংস্থা 'র'-এর নতুন প্রধান হচ্ছেন রবি সিনহা
ব্লিঙ্কেন আরও বলেন, যুক্তরাষ্ট্র চীনকে অর্থনৈতিকভাবে আটকে রাখতে চায় বলে জল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি চীনের জনগণকে আশ্বস্ত করছেন যে যুক্তরাষ্ট্র এমনটি চায় না।
চীনের বৃহত্তর অর্থনৈতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রকেও লাভবান করছে উল্লেখ করে তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনের নির্দিষ্ট কিছু প্রযুক্তির বিস্তার ঠেকাতে ব্যবস্থা নিতে হবে।
একাত্তর/আরবিএস
