ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে।
শনিবার অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া সামরিক তল্লাশি চৌকিতে গোলাগুলির ঘটনায় ১৭ বছর বয়সী ওই কিশোর নিহত হন। খবর: আলজাজিরা।
নিহত ওই কিশোর ইসহাক হামদি আজলুনিকে নিজেদের সদস্য বলে দাবি করেছে আল-আকসা শহীদ ব্রিগেড। এ গোষ্ঠীটি ফাত্তাহর সশস্ত্র শাখা।
এক বিবৃতিতে আল-আকসা ব্রিগেড দাবি করেছে, ‘আমাদের বীর যোদ্ধারা কালান্দিয়া তল্লাশি চৌকিতে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলায় সক্ষম হয়েছিল।’
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, চেকপয়েন্টে একটি ‘এম-১৬’ রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল ওই কিশোর।
নিহত আজলুনি চেকপয়েন্টে গুলি চালানোর পর ইসরাইলি বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় একজন নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন।
কালান্দিয়া তল্লাশি চৌকিটি পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে রামাল্লায় প্রবেশের প্রধান পথ।
আরও পড়ুন: সুদানে বিমান ও কামান হামলায় ত্রাণ সরবরাহ বিঘ্নিত
সম্প্রতি পশ্চিম তীরের জেনিনের শরণার্থী ক্যাম্পে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই ঘটনায় পাঁচ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর থেকেই পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
একাত্তর/জো
