রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার আগে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের তরফ থেকে হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি কি তা আপনাদের বলব? তবে উত্তর হলো, না। কোনো হামলা চালানো হবে না’।
এর আগে রোববার দিনের শুরুতে তেহরানকে উদ্দেশ্য করে একটি কঠোর আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রচ্ছন্নভাবে আজকেই ইরানে হামলা চালানোর ইঙ্গিত দিয়ে বলেছিলেন, আমি কি তাদের সঙ্গে কোনো চুক্তি করব, নাকি তাদের পুরোপুরি নির্মূল করব? একমাত্র প্রশ্ন এটাই।
একই সঙ্গে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও একচ্ছত্র আধিপত্যের দাবি করে তিনি বলেন, মনে রাখবেন, হরমুজ প্রণালী এখন আমাদের নিয়ন্ত্রণে। তারা কিছুই পাচ্ছে না। হ্যাঁ, সব আমাদের নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, গত শনিবারই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে ওয়াশিংটন চাইলে ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালাতে পারে অথবা কোনো চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান তাদের সম্ভাব্য প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে নিজের সংশয়ের কথাও প্রকাশ করেছিলেন তিনি।
চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে মিলে যৌথভাবে ইরানে সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও জুনের দিকে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে তা আর টেকেনি। তবে নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে আপাতত ইরানে বড় ধরনের হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে সোজা জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের মার্কিন হামলা!