ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালী ও সংলগ্ন এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। চলমান সামরিক অভিযান ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে এই সাফল্য এসেছে বলে সোমবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজায়লি জানান, সরকার সমর্থিত ‘সাউদার্ন জায়ান্টস ব্রিগেড’ এবং ‘নেশনস শিল্ড’ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে কৌশলগত পয়েন্টটির দখল নিতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক বিবৃতিতে সেনা মুখপাত্র আল-নুজায়লি নিশ্চিত করেছেন যে, সরকারি বাহিনী কেবল বাব এল-মানদেবই নয়, বরং গুরুত্বপূর্ণ ‘জুবাব বিমানবন্দর’ দখল করেছে এবং জুবাব থেকে মোখা যাওয়ার প্রধান সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে।
এর ফলে জুবাব এলাকায় হুথি বিদ্রোহীদের এক বিশাল অংশ চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে। সরকারি বাহিনীর পক্ষ থেকে অবরুদ্ধ হুথির দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর ঘেরাও এড়াতে হুতিদের অনেক সদস্য নৌকাযোগে সমুদ্রপথে পালিয়ে গেছে বলে জানা গেছে।
লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্তকারী এই ‘বাব এল-মানদেব’ প্রণালী আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য এবং পণ্য পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ। দীর্ঘ দিন ধরে হুতিদের নিয়ন্ত্রণে থাকা এই গুরুত্বপূর্ণ রুটটি পুনরুদ্ধার সরকারি বাহিনীর জন্য এক বিশাল সামরিক অর্জন হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
